বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় তাঁর স্ত্রী-পুত্র, আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল বৃহস্পতিবার এই অভিযোগপত্র দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. শাহজাহান। আদালত সূত্রে জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিন সংশ্লিষ্ট আদালতে এই অভিযোগপত্র উপস্থাপন করবে পুলিশ।
অভিযোগপত্রভুক্ত সাতজন হলেন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মান কাদের চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলাম, ফখরুল ইসলামের দুই সহকারী এ কে এম মাহবুবুল হাসান ও মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দপ্তর সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী। এঁদের মধ্যে সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে ও মেহেদী হাসানকে অভিযোগপত্রে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে তাঁদের তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইনজীবী ফখরুল ইসলামসহ বাকি চারজন কারাগারে আটক আছেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধনী ২০১৩) এর ৫৪(২), ৫৭(২) ও ৬৩(২) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। ৫৪(২) ধারায় সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে৷ ৬৩(২) ধারায় অনধিক দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে৷
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কৌশলে কম্পিউটারে সংরক্ষিত ফাইল থেকে পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া সংগ্রহ করে সরবরাহ ও অনলাইনে প্রকাশ করে। এ মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে ওই দিনই রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাকা চৌধুরীর স্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় ৪ অক্টোবর নয়ন আলী, ফারুক, মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পুলিশ শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এ মামলা করে। নয়ন ও ফারুককে ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয়। পরে এই দুজন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের কম্পিউটার থেকে রায়ের খসড়া পাচারের বিবরণ দেন।
জবানবন্দিতে নয়ন ও ফারুক জানান, আইনজীবী ফখরুলের পরিকল্পনায় তাঁর সহকারী মেহেদী হাসান পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া কপি ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে সরিয়ে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করেন। ওই জবানবন্দির ভিত্তিতে ২০ নভেম্বর সেগুনবাগিচার নিজ চেম্বার থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই চেম্বার থেকে দুটি সিপিইউ, একটি প্রিন্টার, ৫০-৬০টি সিডিসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করে পুলিশ।