সাকা চৌধুরীর ৬৪ সমর্থকের জামিন আদালতে নামঞ্জুর
বিএনপির বিতর্কিত নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৬৪ জন সমর্থকের জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি। গতকাল রোববার শুনানির পর আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে গোপন বৈঠকের সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় কাল মঙ্গলবার তাঁদের রিমান্ডে নেওয়ার শুনানির দিন ধার্য করেন আদালত। পুলিশ তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে।পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার জেদান আল মুসার ওপর হামলার ঘটনায় গতকাল তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবন চত্বরে পুলিশের সঙ্গে সাকার সমর্থকদের সংঘর্ষের সময় জেদান আহত হন। এদিকে সাকা চৌধুরীর মুক্তির দাবিতে অতিরঞ্জিত করে ছাপানো পোস্টার রাখার অভিযোগে আদালত মাহমুদুল হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৮ মার্চ দেড় হাজার পোস্টার, প্রচারপত্রসহ পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে।পোস্টার ও প্রচারপত্রে সাকা চৌধুরীর ছবির নাকে-মুখে লাল রং দিয়ে রক্তাক্ত দেখানো হয়। পোস্টারগুলো বের করা হয় ইংরেজি হরফে। মিথ্যা অভিযোগে সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামে আসা বিভিন্ন দেশের পর্যটকদের সামনে সাকার বিষয় তুলে ধরতে এই পোস্টার ছাপানো হয়েছে বলে পুলিশের ধারণা। মাহমুদুল হাসানের গ্রামের বাড়ি সন্দ্বীপের কালাপানিয়া এলাকায়।