সাকা চৌধুরীসহ পাকিস্তানি সেনারা তাঁর বাবা-ভাইকে ধরে নিয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী শেখ মোর্শেদ আনোয়ার। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তাঁর বাবা শেখ মোজাফফর আহমেদ ও ভাই শেখ আলমগীরকে সাকা চৌধুরীসহ পাকিস্তানি সেনারা ক্যাম্পে নিয়ে যায় এবং পরে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মোর্শেদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।মোর্শেদ আনোয়ার (৬২) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের খুলশী থানা এলাকায়। একাত্তরের ২৫ মার্চ তাঁর বাবা লালদীঘির ময়দানে মুক্তিকামী মানুষের জনসভায় ভাষণ দিয়েছিলেন, উপস্থিত ছাত্র-জনতাকে শপথবাক্যও পাঠ করান। ওই জনসভার মঞ্চে আওয়ামী লীগের নেতা জহুর আহমেদ চৌধুরী, এম আর সিদ্দিকীসহ আরও অনেক নেতা ছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হলে ১ এপ্রিল সকালে তাঁর বাবা মোজাফফর আহমেদ, ভাই শেখ আলমগীর, ভাবিসহ আরও দু-তিনজন আত্মীয় রাউজানে ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়ে আশ্রয় নেন। তিনি (সাক্ষী), আরেক ভাই খোরশেদ ও চাচা তাঁদের খামারবাড়িতে চলে যান। কিছুদিন পর মামাতো ভাই আনোয়ার ও চাচা আলী তাঁকে জানান, মোজাফফর ও আলমগীর রাউজান থেকে গাড়িতে ফেরার পথে হাটহাজারীর তিন রাস্তার মোড়ে বাজারের পাশে পাকিস্তানি সেনারা তাঁদের থামায়। এ সময় সাকা চৌধুরী ও তাঁর সঙ্গীরাসহ পাকিস্তানি সেনারা তাঁর বাবা-ভাইকে ধরে পাশের সেনাক্যাম্পে নিয়ে যায়। গাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যদের প্রশ্নের জবাবে সাকা চৌধুরী বলেন, তাঁর বাবা ও ভাইকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। গাড়িতে সবাই অপেক্ষা করলেও বাবা-ভাই আর ফেরেননি। ভাইয়ের ভায়রা ফজলুল হককে সেনাক্যাম্পে খোঁজ নিতে পাঠানো হয়। তিনি ফিরে এসে জানান, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, হাত বেঁধে রাখা হয়েছে।মোর্শেদ বলেন, তিনি বাবা-ভাইয়ের খোঁজে পরে এক অবসরপ্রাপ্ত পাঞ্জাবি মেজরকে নিয়ে কয়েকবার সেনানিবাসে যান, কিন্তু খোঁজ পাননি। তাঁর ভাইয়ের শাশুড়ি ও ভায়রা পরে ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা) বাড়ি গুডস হিলে গিয়ে খোঁজ করেন। ফজলুল কাদের বলেন, ‘বিষয়টি সালাউদ্দিনের ব্যাপার। তাঁকে জিজ্ঞাসা করব।’ পরে তাঁরা আরও কয়েকবার গুডস হিলে গিয়েছিলেন। ফজলুল কাদের তখন বলেছিলেন, ‘খোঁজাখুঁজি করা হলেও তাঁদের পাওয়া যায়নি, হয়তো মেরে ফেলা হয়েছে।’ মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরও তাঁর বাবা-ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি।এই পর্যায়ে সাক্ষী বলেন, ‘যদি সালাউদ্দিন কাদের চৌধুরী না দেখিয়ে দিতেন, তাহলে পাকিস্তানি সেনারা আমার বাবা-ভাইকে কি চিনত? তিনি দেখিয়ে দিয়েছিলেন বলেই তিনিসহ পাকিস্তানি সেনারা তাঁদের ক্যাম্পে নিয়ে যান এবং তাঁদের হত্যা করেন।’ এরপর সাক্ষী তাঁর বাবাকে নিয়ে লেখা পত্রিকায় প্রকাশিত ছয়টি প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে দাখিল করেন।জবানবন্দি শেষে মোর্শেদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়।