বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী অনিল বরণ ধরকে গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষ জেরা শেষ করেছে। জেরায় তিনি বলেন, ১৯৭২ সালে ফজলুল কাদের চৌধুরী, সাকা চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে তিনি মামলা করেছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনিলকে জেরা করেন আসামিপক্ষের প্রধান কৌঁসুলি আহসানুল হক। ১৮-দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল তাঁকে পুলিশি নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। জেরার সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।আহসানুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার ট্রাইব্যুনাল হরতাল চলাকালে তাঁকে ও তাঁর সহযোগী হুজ্জাতুল ইসলামকে পুলিশি নিরাপত্তা দিয়ে আনার ব্যবস্থা করার নির্দেশ দেন।অনিল (৬৮) ১৯ মার্চ জবানবন্দিতে বলেছিলেন, একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনারা যখন তাঁর বাবা, কাকা ও তাঁকে লক্ষ্য করে গুলি করেছিল, তখন সাকা চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাঁর বাঁ হাতে ও পিঠে গুলি লাগে। কিন্তু বাবা ও কাকা মারা যান।জেরায় এ বিষয়ে প্রশ্নের জবাবে অনিল বলেন, ১৯৭২ সালের ৫ এপ্রিল তিনি ওই ঘটনায় রাউজান থানায় মামলা করেন। এজাহারে সাকা চৌধুরী, তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীসহ ১৬ জনকে আসামি করা হয়। ওই মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছিল কি না, তা তাঁর মনে নেই। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনারা রাউজানে প্রথম যায়।এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তাঁর গ্রামের বাড়ি রাউজান উপজেলার সুলতানপুরের দক্ষিণ বণিকপাড়া গ্রামে। একাত্তরে তাঁদের পাড়ায় ৮০ থেকে ১০০ লোকের বাস ছিল।আসামিপক্ষের আইনজীবী অনিলের গ্রামের ভৌগোলিক অবস্থান নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। শেষ দিকে তিনি মত (সাজেশন) দেন, একাত্তরের ৭ মার্চ বাবা-কাকাদের সঙ্গে অনিল ভারতে চলে গিয়েছিলেন। হত্যাকাণ্ডের ওই ঘটনা ঘটেনি। জবাবে অনিল বলেন, এ কথা সত্য নয়। আহসানুল হক আবার মত দেন, ভারতে সড়ক দুর্ঘটনায় অনিল আহত হন এবং তাঁর বাঁ হাত কেটে ফেলতে হয়। সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।