সাকা-মুজাহিদের আইনজীবীরা দেখা করার অনুমতি পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদদের সঙ্গে তাঁদের আইনজীবীদের দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্ত দুজন প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন, এমন খবর গণমাধ্যমে দেখার পরই আইনজীবীরা দেখা করার আবেদন করেন।

বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে মুজাহিদের আইনজীবী গাজী এম এইচ তামিম প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের খবর দেখতে পেয়েছেন তাঁর পরিবারের লোকজন। বিষয়টি সঠিক কি না, তা জানতে তাঁকে (তামিম) মুজাহিদের সঙ্গে দেখা করতে বলেছেন। তাই তিনি কারা কর্তৃপক্ষের কাছে পাঁচ সদস্যের আইনজীবীর একটি প্রতিনিধি দলের দেখা করার আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।
গতকাল শুক্রবার তাঁরা দেখা করার অনুমতি চাইলে তা দেওয়া হয়নি।

একই ধরনের কথা বলেন সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফে সানীও। বেলা দেড়টার দিকে গণমাধ্যমে সাকার প্রাণভিক্ষার আবেদনের খবর দেখে তাঁর পরিবার তাঁকে (সানী) ও আরেক আইনজীবীকে কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন করতে পাঠান। তাঁরা নিজেদের এবং পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি চেয়ে দুটি আবেদন করেন। তবে কোনো আবেদনই কারা কর্তৃপক্ষ গ্রহণ করেনি।

সাকার বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ বেলা পাঁচটায় কারা ফটকে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মার্সি পিটিশন নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছে। প্রকৃত ঘটনা কী, তা জানতে আমাদের আইনজীবীরা চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। এ জন্য এসেছি।’

এর আগে বৃহস্পতিবার সকালে দুই বন্দীর পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ, ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও জামালউদ্দিন কাদের চৌধুরীসহ পরিবারের ২২ জন সদস্য কারাগারে যান। তাঁদের আবেদনে ১৫ জনের নাম থাকায় দেখা করতে আসা (২২ জনের মধ্যে) সাতজনকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

সাকা চৌধুরীর পরিবার চলে যাওয়ার পর বেলা একটা ৫০ মিনিটে কারাগারে যান মুজাহিদের পরিবারের সদস্যরা। মুজাহিদের স্ত্রী তামান্না ই জাহান, ছেলে আলী আহমেদ তাজদীদ, আলী আহমেদ তাহকীক ও আলী আহমেদ মাবরুর, মেয়ে তামান্না বিনতে জান্নাতসহ ১২ জন সদস্য কারাগারে যান। তাঁদের মধ্যে কয়েকটি শিশুও ছিল। আধা ঘণ্টা পর তাঁরা বেরিয়ে আসেন।