সাকা-মুজাহিদের আবেদন কালকের কার্যতালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
আপিল বিভাগের কাল সোমবারের কার্যতালিকায় মুজাহিদের পুনর্বিবেচনার আবেদনটি শুনানির জন্য ১৬ নম্বরে রয়েছে। আর সাকা চৌধুরীর আবেদনটি কার্যতালিকার ১৭ নম্বরে আছে। এ ছাড়া দুই ফাঁসির আসামির আইনজীবীদের করা আরও দুটি আবেদনের শুনানিও হতে পারে।
আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ কার্যতালিকা প্রকাশ করা হয়।
সাকা চৌধুরীর আইনজীবী পাঁচ পাকিস্তানিসহ আটজন সাফাই সাক্ষীর প্রতি সমন দেওয়ার আরজি জানিয়ে আপিল বিভাগে আবেদনটি করেন। ওই আবেদনে বলা হয়, সাকা চৌধুরী যে ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ১৯৭৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ছিলেন না, এ বিষয়ে আটজন সাক্ষ্য দিতে চান। আদালতের সমন পেলে তাঁরা এসে সাক্ষ্য দেবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ আবেদন দুটির শুনানি হবে। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।