সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদন প্রথমে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মতামত শেষে তা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর তথ্য নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রয়োজনীয় কার্যক্রম শেষে আবেদন দুটির ফাইল বঙ্গবভনে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন দুটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আবেদন দুটি পেয়েছেন। এখন এর ওপর কাজ করছেন।’
আবেদনে কী বলা হয়েছে, জানতে চাইলে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, দুজনই প্রাণভিক্ষার আবেদন করেছেন। তাঁরা প্রাণভিক্ষার আবেদন ছাড়া আর কিছু পাঠাতে পারেন না। একমাত্র প্রাণভিক্ষার আবেদন করার সুযোগই তাঁদের আছে। এতে কী লেখা আছে, সেটা দেখার বিষয় তাঁদের নয়। কারা কর্তৃপক্ষ প্রাণভিক্ষার আবেদন মনে করেই পাঠিয়েছেন।