সাকা-মুজাহিদের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ার খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ পায় আন্তর্জাতিক গণমাধ্যমে। গতকাল বুধবার আপিল বিভাগ এ রায় দেন।
কাতারভিত্তিক আল-জাজিরা, ভারতের কয়েকটি ইংরেজি ও বাংলা দৈনিক এবং পাকিস্তানের পত্রিকাগুলোতে রায়-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বার্তা সংস্থাগুলো এ খবর প্রকাশ করে।
আল-জাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই বিরোধী জ্যেষ্ঠ রাজনীতিকের ফাঁসির রায় বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে মুজাহিদ হলেন তৃতীয় ব্যক্তি, যাকে ফাঁসির দণ্ড দেওয়া হলো। আর সালাউদ্দিন কাদের চৌধুরী হলেন বিরোধী দল বিএনপির প্রথম নেতা, যিনি ফাঁসির দণ্ড পেলেন। প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্ধৃত করে বলা হয়, ‘এ রায় সঠিক এবং যথার্থ। ন্যায়বিচার হয়েছে।’
প্রতিবেদনে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে উদ্ধৃত করে বলা হয়, ‘আইনানুগভাবে দুজনের দোষ প্রমাণিত হয়নি।’
সংবাদ সংস্থা পরিবেশিত খবরে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ‘খালেদা সরকারের দুই মন্ত্রীর ফাঁসির সাজাই বহাল।’ প্রতিবেদনটি শুরু হয়েছে, ‘খালেদা জমানার দুই মন্ত্রীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।’
‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে দুই বিরোধী নেতার ফাঁসির আদেশ’ শিরোনামে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এ প্রকাশিত হয় বার্তা সংস্থা রয়টার্স পরিবেশিত প্রতিবেদন। রয়টার্সের এ প্রতিবেদন প্রকাশ করে নিউজউইক।
ভারতের ইংরেজি সংবাদভিত্তিক চ্যানেল এনডিটিভি রায়-সংক্রান্ত বার্তা সংস্থা এএফপির খবর পরিবেশন করে। ‘দুই বিরোধী নেতার ফাঁসির আদেশ বহাল রাখল আদালত’ শিরোনামে এ প্রতিবেদন প্রকাশিত হয়। রায়ের আদ্যোপান্ত বর্ণনার সঙ্গে রায়ের পর গৃহীত নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন প্রকাশ করে এবিসি নিউজ। এ প্রতিবেদনে রায়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।