মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) পক্ষে দ্বিতীয় সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তাঁর কলেজজীবনের বন্ধু নিজাম আহমেদ।
নিজাম আহমেদ (৬৩) জবানবন্দিতে বলেন, ‘১৯৬৭-৬৮ সালে আমার সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রথম পরিচয় হয় নটর ডেম কলেজে। আমার বন্ধু ছিলেন কাইয়ুম রেজা চৌধুরী; তিনি আমাকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। কাইয়ুম রেজা চৌধুরীর ভাই সালমান এফ রহমান ও আমরা একসঙ্গে ঘোরাফেরা করতাম।’
আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি পেশ করেন। খবর বাসসের।
নিজাম আহমেদ বলেন, উনসত্তরের গণ-আন্দোলন শুরু হলে তাঁরা তাতে অংশ নেন। তিনি বলেন, ‘শহীদ আসাদ যখন গুলিবিদ্ধ হয়, তখন আমি তাঁর থেকে দুই ফুট দূরে ছিলাম।’ সাক্ষী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ সন্ধ্যায় তাঁরা বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি আমিনুল হকের সঙ্গে প্রেস রিলিজের কপি দেওয়ার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে বিদেশি সাংবাদিকদের তিনি কপি দেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে পাকিস্তানের সেনাবাহিনী হোটেলে গিয়ে বলে, ‘কেউ হোটেল থেকে বের হতে পারবে না।’ এরপর তাঁরা ২৫ মার্চ রাত থেকে ২৭ মার্চ সকালে কারফিউ ভাঙা পর্যন্ত ওই হোটেলেই থাকেন। সেখানে মওদুদ আহমদ, সাইমন ড্রিং ও ফরাসি ফটোগ্রাফার মিশেলও ছিলেন।
নিজাম আহমেদ বলেন, ২৭ মার্চ কারফিউ ভাঙার পর তাঁর ছোট ভাই ও তিনি ধানমন্ডি চলে যান। কাইয়ুম তাঁর মগবাজারের বাসায় চলে যান এবং আমিনুল হক আত্মগোপন করেন।
সাক্ষী বলেন, ২৮ মার্চ কাইয়ুম ও তিনি ধানমন্ডির ৮ নম্বর রোডে অবস্থিত এক সুইডিশ পরিবারের বাসায় ওঠেন। বাসাটি সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি থেকে দুই রাস্তার পরে অবস্থিত। ওই বাসায় তাঁরা চার-পাঁচ দিন ছিলেন। ওই বাসায় থাকাকালীন কাইয়ুম বলেছিলেন, তিনি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে বিমানবন্দরে রেখে এসেছেন।
সাক্ষী বলেন, ‘একাত্তর সালের এপ্রিল মাসের ৭/৮ তারিখে কাইয়ুম, সালমান ও আমি একই বিমানে করে করাচি যাই। সেখানে আমরা সালমানের বাসায় উঠি। সে বাসায় একদিন সালাহউদ্দিন কাদেরের সঙ্গে দেখা হয়। এরপর আর দেখা হয়নি। পরে ১৯৭৪ সালের এপ্রিল অথবা মে মাসে ঢাকার হোটেল পূর্বাণীতে সালাহউদ্দিন কাদেরের সঙ্গে দেখা হয়।’
সাক্ষীর জবানবন্দি শেষে কৌঁসুলি (প্রসিকিউটর) জেয়াদ আল মালুম তাঁকে জেরা শুরু করেন। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এই মামলায় সাকা চৌধুরী নিজের পক্ষে প্রথম সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রসিকিউশনের ৪১ জন সাক্ষ্য দিয়েছেন।