সাকাকে আত্মসমর্পণের নির্দেশ, টুকুর আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাকা চৌধুরীর আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পৃথক আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ ডাকাতির অভিযোগে ধানমন্ডি থানার একটি মামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকুর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর এবং গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমীরুল ইসলামসহ আটজনকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।ছাত্রদলের নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন ও নাসিরউদ্দিন আহমেদ। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন শাহ মঞ্জুরুল হক ও কাজী জয়নাল আবেদীন।বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগে খুলনায় একটি মামলা হয়। এ মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীকে সমন জারি করেন। আর জনৈকা শামীমা আক্তার বাদী হয়ে ডাকাতির অভিযোগে ছাত্রদলের সভাপতি টুকুসহ আটজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলাটি হয় ১৮ জানুয়ারি।