একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার বিকেলে কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।এদিকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অগ্রগতির প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। ২ নভেম্বর ট্রাইব্যুনাল সাঈদীকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার আদেশ দেন। একই সঙ্গে ২৩ ডিসেম্বরের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠন অথবা তদন্তের প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।সাকা চৌধুরী: ট্রাইব্যুনালের ১৯ ডিসেম্বরের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারি পরোয়ানা তালিমসংক্রান্ত প্রতিবেদন গতকাল দুপুরে ট্রাইব্যুনালে জমা দেয়। তা পর্যালোচনা করে ট্রাইব্যুনাল বেলা তিনটার দিকে আদেশ দেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট অব অ্যারেস্ট) জারি করা হয়েছিল। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরসংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনটি পর্যালোচনা করে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। এতে ধার্য তারিখে (৩০ ডিসেম্বর) তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।সাঈদীর বিরুদ্ধে অভিযোগ: সাঈদীর তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কৌঁসুলি সৈয়দ হায়দার আলী প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়া হবে।তদন্ত সংস্থার কর্মকর্তা মো. হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২ নভেম্বর আদেশে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগসংক্রান্ত (ফরমাল চার্জ) প্রতিবেদন দিতে পারছি না। তদন্তে অগ্রগতি হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন বুধবার প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়েছে।’সাঈদীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, একাত্তরে সাঈদী ওরফে দেলু পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় জামায়াতে ইসলামীসহ স্বাধীনতাবিরোধী অন্য সংগঠনগুলোকে নিয়ে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করে। তারা পিরোজপুরসহ আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং ধর্ষণের উদ্দেশ্যে নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে জোরপূর্বক তুলে দিয়ে অপরাধ সংঘটন করে।অভিযোগে বলা হয়, সাঈদী ও তাঁর সহযোগীরা ১৯৭১ সালের ৮ মে বেলা তিনটায় পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের আলমগীর পশারী, মাহবুব পশারী, চানমিয়া পশারী ও জাহাঙ্গীর পশারীদের (গ্রাম: চিতলিয়া, থানা ও জেলা পিরোজপুর) বাড়িঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে এবং বাড়িঘর পুড়িয়ে দেয়।তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সূত্র জানায়, সাঈদী ও তাঁর সহযোগীরা মানিক পশারীর বাড়িতে গিয়ে নয়টি ঘরের মধ্যে পাঁচটি ঘরে আগুন দেয়। এরপর পাহারাদার ইব্রাহীম ওরফে কুট্টি ও মফিজকে আটক করে নিয়ে যাওয়া হয়। পথে পাড়েরহাট সেতু পার হওয়ার সময় ইব্রাহীমকে গুলি করে হত্যা করা হয়। আর মফিজকে ক্যাম্পে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। একপর্যায়ে মফিজ ক্যাম্প থেকে পালিয়ে যায় বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।সাঈদীর বিরুদ্ধে এ অভিযোগ তদন্তে ১৭ আগস্ট প্রথম পিরোজপুর যায় তদন্ত দল। এরপর আরও দুবার ওখানে গিয়ে ৪২ জন সাক্ষীর বক্তব্য নেয় প্রতিনিধি দল। জানুয়ারির মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হবে।