সাকার অনীহার কারণে চিকিৎসা দেওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া বলেছেন, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনীহার কারণে তাঁকে গত মঙ্গলবার চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁকে চিকিৎসা না দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আবদুল মজিদ ভূঁইয়া বলেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাকা চৌধুরীকে প্রথমে বিএসএমএমইউর সি-ব্লকে আনা হয়। এরপর আবাসিক চিকিৎসকের সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়। একজন আবাসিক চিকিৎসকসহ তিনজন চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে চান। কিন্তু সাকা বলেন, ‘আমার কোনো শারীরিক সমস্যা নেই। তাই চিকিৎসারও দরকার নেই।’ চিকিৎসকেরা তখন ল্যাবরেটরি পরীক্ষার প্রস্তাব দেন। কিন্তু তা করতেও সাকা অনাগ্রহ প্রকাশ করেন। অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নিতে চান কি না, চিকিৎসকেরা তা সাকার কাছে জানতে চান। এর উত্তরে সাকা বলেন, ‘আমার কোনো শারীরিক সমস্যা নেই। আমার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই।’ মজিদ ভূঁইয়া বলেন, তিনবার তাঁকে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। প্রতিবারই তিনি অস্বীকৃতি জানান।এক প্রশ্নের জবাবে আবদুল মজিদ ভূঁইয়া বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছিলেন। আমরাও চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। অনীহা প্রকাশ করলে তো কারও ওপর চিকিৎসা চাপিয়ে দেওয়া যায় না।’জেল সুপারের পাঠানো চিঠিতে কী বলা হয়েছিল, জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক বলেন, চিঠিতে সাকা চৌধুরীর উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়। চিঠিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ, বারডেম—এই তিনটি হাসপাতালের যেকোনোটিতে সাকা চৌধুরীর চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। বিএসএমএমইউতে নিয়ে আসা প্রসঙ্গে পরিচালক বলেন, সম্ভবত এই হাসপাতালে কারা কক্ষ আছে বলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে এখানে নিয়ে এসেছিলেন। অতীতে অনেক রাজনৈতিক নেতা এখানে থেকে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কেউ চিকিৎসা পাননি—এমন অভিযোগ করেননি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপপরিচালক মুখলেসুজ্জামান, আবাসিক চিকিৎসক আফরোজা বেগম ও গণসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার উপস্থিত ছিলেন।