সাকার আইনজীবীর চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবী ফখরুল ইসলাম
আইনজীবী ফখরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তাঁর আইনজীবী ফখরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন। একই সঙ্গে ফখরুলের করা জামিনের আবেদন নাকচ করেন আদালত।
রায়ের খসড়া ফাঁসের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় করা মামলায় ফখরুলকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় ডিবি।
গত বুধবার রাজধানীর কাকরাইলের নিজ চেম্বার থেকে ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পর সাকা চৌধুরীর পরিবার রায় ফাঁস হওয়ার অভিযোগ তোলে।
২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হতে পারে মর্মে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির ভিত্তিতে পরে রায়ের অংশবিশেষ ফাঁসের ঘটনায় ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাঁটমুদ্রাক্ষরিক ফারুক হোসেন ও সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসানকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।

ডিবি সূত্র জানায়, নয়ন ও ফারুক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর আত্মগোপন করেন মেহেদী হাসান। বুধবার গ্রেপ্তার হন আইনজীবী ফখরুল ইসলাম।