সাকার আইনজীবী ফখরুল চার দিনের রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মো. ইমদাদুল হক এই আদেশ দেন। আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায়ের খসড়া ফাঁসের ঘটনায় জড়িত অভিযোগে ফখরুল ইসলামকে ২০ নভেম্বর পুলিশ গ্রেপ্তার করে। রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাবিল হোসেন ২১ নভেম্বর ফখরুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই দিন তদন্তসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, এজাহারে ফখরুলের নাম নেই। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে। তিনি আইনজীবী হিসেবে জামিন পেতে পারেন।