সাকার আইনজীবী ফখরুলের আবেদন ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে তাঁর আইনজীবী ফখরুল ইসলামের আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল সোমবার আবেদনটি ফেরত দেন। আদালত সূত্র জানায়, গতকাল ফখরুল ইসলাম আবেদনটি করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ফখরুল ইসলামকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়। এজাহারে তাঁর নাম না থাকায় আদালত মনে করেন আবেদনকারীর এ ধরনের শঙ্কা নেই। আবেদনটি ফেরত দিয়েছেন। তবে অন্য যেকোনো বেঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে বলেছেন।
এদিকে মো. বশিরউল্লাহ বলেন, আগাম জামিন চেয়ে আবেদনটি করা হয়। এর সঙ্গে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চাওয়া হয়েছিল। শুনানির পর আদালত আবেদন ফেরত দেন।