সাকার আইনজীবী ফখরুলের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

ফখরুল ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম বলেছেন, এ আদেশের ফলে ফখরুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল। এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম।

এর আগে হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল আপিল বিভাগ ফখরুলের জামিন স্থগিত করেন। ১০ এপ্রিল পর্যন্ত তা মুলতবি রাখা হয়।

সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের খসড়া ফাঁসের মামলায় ফখরুলকে ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এই দণ্ডাদেশের বিরুদ্ধে ফখরুল আপিল করলে গত ২৬ জানুয়ারি হাইকোর্ট তা শুনানির জন্য গ্রহণ করেন। পরে ফখরুলের জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ এপ্রিল হাইকোর্ট এক বছরের জন্য জামিন মঞ্জুর করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।