সাকার আইনজীবী ফখরুলের রিমান্ড আদেশ স্থগিত
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে।
আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে রিমান্ড আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
গতকাল রোববার ফখরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ফখরুল।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায়ের খসড়া ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আছে ফখরুলের বিরুদ্ধে। ২০ নভেম্বর পুলিশ তাঁকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করে।