সাকার আইনজীবী ফখরুলের রিমান্ড আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে রিমান্ড আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
গত রোববার ফখরুলকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। এর বিরুদ্ধে তিনি গতকাল হাইকোর্টে আবেদন করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইন্যুনাল-১-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় জড়িত অভিযোগে করা মামলায় ফখরুলকে ২০ নভেম্বর পুলিশ গ্রেপ্তার করে।