সাকার আইনজীবী ফখরুলের রিমান্ড শুনানি রোববার
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের অভিযোগে করা মামলায় তাঁর আইনজীবী ফখরুল ইসলামকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে আগামী রোববার আবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ফখরুল ইসলাম তাঁর সহকারী মেহেদীর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া কপি নিয়ে গেছেন। এবং তা রায় ঘোষণার আগে ওয়েবসাইটে প্রকাশ করে বিচার অঙ্গনকেও হেয় করেছেন। এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির জবানবন্দিতে আইনজীবী ফখরুল ইসলামের নাম এসেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার তদন্তসংক্রান্ত কাগজপত্র (কেস ডকেট) না থাকায় আসামিপক্ষের আইনজীবীরা গতকাল শুনানিতে আপত্তি জানান। আদালত আগামী রোববার প্রয়োজনীয় কাগজপত্রসহ রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেন।