সাকার ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবি ও তাঁর ওপর নির্যাতনের প্রতিবাদে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। এর আগে জেলা সদরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করে। সাকা চৌধুরীর ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। গতকাল বিকেলে রাজারবাগে পুলিশের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ হেফাজতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোনো নির্যাতন করা হয়নি। তাঁর পরিবারের অভিযোগ ভিত্তিহীন। তাঁর সঙ্গে আইনানুগ আচরণই করা হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে আছেন। গত ২৭ জুনের হরতালের আগের রাতে মগবাজারে গাড়ি পোড়ানো ও এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ ডিসেম্বর ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও পরোয়ানা রয়েছে। বিএনপির পক্ষ থেকে গতকাল জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়। এতে সাকার মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে নেতা-কর্মীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার জনসন রোডে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন। এরপর স্মারকলিপি পেশ করা হয়। এ ছাড়া নোয়াখালী, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, নীলফামারী ও রাজশাহীতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ-সমাবেশ শেষে স্মারকলিপি দেন। এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) গ্রেপ্তারের পর মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অথচ তাঁকে বাঁচানোর জন্য হরতাল দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ব বাঙালি ও দক্ষিণ এশিয়া সাহিত্য-সংস্কৃতি পরিষদ আয়োজিত ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আইন প্রতিমন্ত্রী বলেন, তদন্ত সংস্থার তদন্তে চিহ্নিত যে ১২ জনের নাম ইতিমধ্যেই এসেছে এবং যাঁরা এখন কারাগারে আছেন প্রথমে তাঁদের বিচার শুরু হবে। প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং ২০১১ সালের মধ্যেই চিহ্নিত কারাবন্দী যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে।মিষ্টি বিতরণ: আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সাকা চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিশ্ববিদ্যালয় শাখা গতকাল ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করে। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।