সাকার ওপর পুলিশের নির্যাতন প্রমাণ করতে ছবির নাকে-মুখে রং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবিতে অতিরঞ্জিত করে পোস্টার ছাপানো ও তা বিভিন্ন স্থানে সাঁটানোর অভিযোগে গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা থেকে দেড় হাজার পোস্টার ও লিফলেটসহ তাঁদের আটক করা হয়।পোস্টার ও লিফলেটে সাকা চৌধুরীর ছবির নাকে-মুখে লাল রং দিয়ে রক্তাক্ত দেখানো হয়। পোস্টারগুলোয় তাঁর মুক্তির দাবি ইংরেজিতে লেখা হয়। তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে তাতে উল্লেখ রয়েছে। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামে আসা বিভিন্ন দেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এটা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। আটক ব্যক্তিরা হলেন: আন্দরকিল্লা আল গনি দাওয়াখানা নামে একটি দোকানের মালিক মাহমুদুল হাসান ও তাঁর কর্মচারী মো. এনামুল। দুজনের গ্রামের বাড়িই সন্দ্বীপের কালাপানিয়া এলাকায়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিদেশি পর্যটকদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইংরেজিতে এই পোস্টার বের করা হয়েছে। পোস্টারের ছবিতে লাল রং দিয়ে সাকা চৌধুরীর নাক ও মুখ রক্তামাখা দেখানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সাকা চৌধুরী কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাউজানের কুণ্ডেশ্বরীর নতুন চন্দ্র সিংহসহ আরও অনেককে হত্যা করার অভিযোগ আছে। গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসান দাবি করেন, এই পোস্টারগুলো বিএনপির নেতা এম হাশেম রাজু তাঁর দোকানে দুপুরে রেখে যান। পোস্টারে প্রচারের স্থানে রাজু ও মাহমুদুল হাসানের নাম রয়েছে।