সাকা ও মুজাহিদের কবর খোঁড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের কবর খোঁড়া হচ্ছে। আজ রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ পারিবারিক কবরস্থানে সাকার কবর খোঁড়ার কাজ শুরু হয়। আর এর আগে রাত আটটা থেকে ফরিদপুরের পশ্চিম খাবাশপুরে মুজাহিদের বাবা মাওলানা আবদুল আলী ট্রাস্ট পরিচালিত আদর্শ একাডেমির প্রধান ফটকের ডান পাশে মুজাহিদের কবর খোঁড়ার কাজ শুরু হয়।
এ সময় উভয় স্থানে ছিল কড়া ​পুলিশী নিরাপত্তা। এর আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার দুই ঘণ্টা পর তাঁদের লাশবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রাম ও ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আজ রাত দুইটা ৫১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স বের হয়। প্রথমে বের হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের সঙ্গে ছিল আরেকটি অ্যাম্বুলেন্স। দুইটি অ্যাম্বুলেন্সের আগে ও পেছনে ছিল র‍্যাব ও পুলিশের গাড়ি। এর পিছ পিছ একইভাবে বের হয় মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স। এ গাড়ি বহর কারা ফটক দিয়ে বেরিয়ে চানখারপুলের দিকে চলে যায়।