সাকার গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যানের আহ্বান
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সমাজ। গতকাল শনিবার বিকালে শহীদ মিনার চত্বরে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য্য, সাবেক সাংসদ এম কফিল উদ্দিন, সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নারীনেত্রী নুরজাহান খান, সাংস্কৃতিক সংগঠক শাহরিয়ার খালেদ ও সংগঠক শওকত বাঙালি।বক্তারা বলেন, সাকা চৌধুরী একাত্তরের একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তাঁর গ্রেপ্তারে জনগণ আনন্দিত হয়েছে। কিন্তু তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল ডেকে চট্টগ্রামে বিএনপি এক অর্থে যুদ্ধাপরাধীদের পক্ষেই অবস্থান নিয়েছে।একই সময়ে হরতালের বিরুদ্ধে মিছিল করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসিসমর্থিত যুবলীগের নেতা-কর্মীরা। সাকা চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আজ রোববার চট্টগ্রামে পূর্ণ দিবস হরতাল ডেকেছে।