সাকার চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য দেশে-বিদেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, সাকা চৌধুরীকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী ২ জানুয়ারি রিট আবেদনটি করেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী টি এইচ খান ও খন্দকার মাহবুব হোসেন এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। গত ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ কারাগারে আছেন।