সাকার পরিবারের সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে ১২ জিডি
বিএনপির বিতর্কিত নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, তিন ভাই এবং বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের ১২টি থানায় ১২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নগরের পাঁচলাইশ থানার বাসিন্দা আবু তাহেরউদ্দিন তাঁর ওপর হামলার আশঙ্কা প্রকাশ করে গত শনিবার রাতে একযোগে ১২ থানায় এসব জিডি করেন।জিডিতে আবু তাহের অভিযোগ করেন, ‘সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার শুনানির জন্য ২৬ এপ্রিল (কাল) দিন ধার্য আছে। ওই দিন চট্টগ্রাম আদালত ভবন চত্বরে আমার ওপর সাকার অনুসারীরা হামলা চালাতে পারেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের দিন ধার্য আছে। সাকার ক্যাডাররা আত্মগোপনে আছে। এ অবস্থায় ওই ক্যাডাররা চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।’পুলিশ সূত্র জানায়, সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে ফাইয়াজ কাদের (ফাকা) চৌধুরী ও হুমাম কাদের (হুকা) চৌধুরী, ভাই গিয়াস কাদের চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পরিবার ও বিএনপির ১১ জনের বিরুদ্ধে এসব জিডি হয়।আবু তাহের ২০০৯ সালের ৩ ডিসেম্বর সাকার বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেন। এর দুই সপ্তাহ আগে ২০ নভেম্বর ফটিকছড়িতে বিএনপির এক কর্মসূচিতে সাকা চৌধুরী বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার ও ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন। এ কারণে তাহের রাষ্ট্রদ্রোহ আইনে সাকার বিরুদ্ধে মামলাটি করেছিলেন।জিডি প্রসঙ্গে আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘গত ১৯ জানুয়ারি সাকার মামলার শুনানির দিন তাঁর অনুগত ক্যাডাররা আমার ওপর হামলা চালায়। এ ঘটনায় ওই দিন আমি কোতোয়ালি থানায় জিডি করি। ২৬ এপ্রিলে আবার শুনানির দিন ধার্য আছে। ওই দিন আমি আদালতে যাব। সাকার ক্যাডাররাও আদালত চত্বরে জড়ো হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই আশঙ্কায় আমি নিজের নিরাপত্তা ও প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্বিঘ্ন করতে ১২ থানায় জিডি করেছি।’