সাকার বাড়ির চারপাশে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগর এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আসামি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এই আইন বলবত্ হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলো ডটকমকে জানান, সাকা চৌধুরীর বাসভবনে আজ বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। একই সময় ফটকের সামনে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয়। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়।

ইউএনও জানান, গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা ইফতার মাহফিলের প্যান্ডেলে আগুন দেয়। এর প্রতিবাদে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা আজ ভোরে কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি  ও গাড়ি ভাঙচুর করেন। পরে সাকা চৌধুরীর বাসভবনের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত অভিযোগ করেন, ইফতার মাহফিলের জন্য গতকাল সন্ধ্যায় শামিয়ানা টাঙানোর পর রাত ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ৪০-৪২ জন কর্মী ২০-২১টি মোটরসাইকেলে করে গিয়ে লাঠিসোঁটা নিয়ে প্যান্ডেলে আগুন দিয়ে পালিয়ে যান। এতে তিন হাজার চেয়ারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। তিনি অভিযোগ করেন, এর আগে ইফতার মাহফিল বানচাল করার জন্য রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ একই সময়ে সাকা চৌধুরীর বাসভবনের ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি দেয়। তিনি অভিযোগ করেন, প্রশাসন ইফতার মাহফিলের প্যান্ডেলে আগুন দেওয়ার দায়ে দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ইফতার মাহফিল বন্ধ করার জন্য উল্টো ১৪৪ ধারা জারি করেছে। 

উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে যুবলীগ মানববন্ধন কর্মসূচি দেয়। এর সঙ্গে বিএনপির ইফতার মাহফিলের কোনো সম্পর্ক নেই। ইফতার মাহফিলের প্যান্ডেলে কারা আগুন দিয়েছে, তা তাঁর জানা নেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর মোর্শেদ বলেন, ইফতার মাহফিল ও মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।