সাকার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আগামী ৭ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট থেকে তাঁর পাওয়া জামিনের মেয়াদও ওই দিন পর্যন্ত বহাল রেখেছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে গতকাল মঙ্গলবার শুনানির পর বিচারক মো. কুদ্দুস মিয়া এ আদেশ দেন। এদিকে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ চট্টগ্রাম আদালত ভবনের চত্বর থেকে সাকা চৌধুরীর ১৮ সমর্থককে গ্রেপ্তার করেছে। আদালত সূত্র জানায়, বেলা ১১টার দিকে সাকা চৌধুরীকে আদালতে নেওয়া হয়। এর আগে আদালত ভবনের চারদিকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। বেলা সোয়া ১১টার দিকে শুনানি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে শুনানির পর আদালত হাইকোর্ট থেকে পাওয়া সাকা চৌধুরীর জামিনের মেয়াদ আগামী ৭ মার্চ পর্যন্ত বহাল রাখেন। চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আদালতে আগামী ৭ মার্চ সাকার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। অভিযোগপত্র থেকে বাদ পড়া আরও আটজনকে অন্তর্ভুক্ত করতে আমরা আদালতে আবেদন করব। ওই দিনই এ আবেদনের শুনানি হতে পারে।’প্রসঙ্গত, ২০১০ সালের ৭ মার্চ বাঁশবাড়িয়ায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাকা চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশে তাঁর অনুসারীরা এই কাণ্ড ঘটায় বলে অভিযোগপত্রে উল্লেখ আছে। এ কারণে এ মামলায় তাঁর আরও ছয় অনুসারীকে আসামি করা হয়েছে। এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয় গত বছর ১২ সেপ্টেম্বর।গ্রেপ্তার ১৮: এদিকে গতকাল আদালত ভবনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে প্রথমে ২০ জনকে আটক করা হয়। পরে দুজনকে ছেড়ে দিয়ে ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে এক বছর আগে আদালত ভবন চত্বরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য পাঁচজনকে মহানগর পুলিশ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল আদালত চত্বরে অভিযানের সময় সাকা চৌধুরীর এক অনুসারীকে গতকাল পুলিশের ওপর চড়াও হতে দেখা গেছে। এ সময় কয়েকজন আইনজীবী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গ্রেপ্তার হওয়া এক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ১০ ফেব্রুয়ারি হাটহাজারীতে সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কি না তা যাচাই করা হচ্ছে। ভিডিও ফুটেজ ও স্থির ছবি দেখে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি হাটহাজারীর নন্দীরহাটে সড়ক অবরোধ ও বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুন দেওয়া হয়।