বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কোনো সাক্ষী-প্রমাণ নেই। তিনি ওই সময় করাচিতে ছিলেন। বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রহুল কবির রিজভী এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির উত্তর জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপির নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা দেবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামতে হবে সবাইকে।