সাকার মামলার সাক্ষীকে অপহরণ চেষ্টার অভিযোগ!
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় এক সাক্ষীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার রাতে নগরের পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহরণকারীদের ধরতে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাকার মামলার সাক্ষী আব্বাস উদ্দিনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে জানান, আব্বাস উদ্দিন রাউজানে থাকেন। রফিক আহমেদ নামের তার এক ভাইয়ের বাসায় এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় এসেছিলেন। ফেরার পথে তার গতিরোধ করে সাত থেকে আটজন পিস্তল ঠেকিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করেন। স্থানীয় লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। আব্বাস উদ্দিনের ভাষ্যমতে সাকার মামলার সাক্ষ্য দেওয়ার তাকে অপহরণের চেষ্টা করে অপহরণকারীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আশপাশের লোকজন না আসলে ওরা আমাকে তুলে নিয়ে যেত। যাওয়ার সময় সাক্ষ্য কেন দিয়েছি হুমকি দিয়ে যায়।’