সাকার রায়ের খসড়া ফাঁস মামলার রায় ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলার রায় ঘোষণার তারিখ দ্বিতীয়বারের মতো পিছিয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আজ রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই তারিখ ধার্য করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, রায় প্রস্তুত হয়নি। তাই রায় ঘোষণার জন্য নতুন তারিখ পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা ওই মামলার রায় ঘোষণার জন্য আজ (২৮ আগস্ট) তারিখ ধার্য ছিল। এর আগে রায় ঘোষণার জন্য ১৪ আগস্ট তারিখ ধার্য করা হয়েছিল।

মামলায় সাকা চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজন আসামি। আসামিদের মধ্যে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামসহ চারজন কারাগারে আছেন। ফখরুলের সহকারী মেহেদী হাসান পলাতক রয়েছেন। সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী জামিনে আছেন। ছেলে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।