সাকার লাশ দাফন চট্টগ্রামের রাউজানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর লাশ চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ কথা জানিয়েছেন।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সাকা চৌধুরীর লাশ রাউজানে ঢুকতে দেওয়া হবে না। তবে পুলিশ বলছে, পারিবারিক কবরস্থানে দাফনের ব্যাপারে পুলিশ সহযোগিতা করবে।

সাকা চৌধুরীর লাশ দাফনের ব্যাপারে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। গতকাল রাত সোয়া আটটার দিকে তিনি বলেন, ‘কোথায় লাশ দাফন হবে, এ ব্যাপারে এখনো আমাদের কিছু জানানো হয়নি। তবে ঢাকা থেকে আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।’

গতকাল শনিবার রাতে সাকা চৌধুরীর ছোট ভাই বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী বলেন, ‘যদি ফাঁসি দিয়ে দেয়, তাহলে ভাইয়ের লাশ আমাদের বাড়ি (রাউজানের গহিরা) ছাড়া কোথায় নেব? ওখানেই দাফন হবে।’

রাউজানের গহিরায় সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি। বাড়ির সামনের দিঘির পূর্ব পাড়ে সাকা চৌধুরীর দোতলা বাড়ি। দিঘির দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানেই সাকা চৌধুরীকে দাফন করার পরিকল্পনা পরিবারের।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘যদি কিছু হয়, আমাদের পরিবারের সবার ও পারিবারিক বন্ধুদের রাউজানের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে।’

উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এবং রাউজান পৌরসভার মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান বলেন, শুক্রবার রাত আটটা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে দাফনের বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি।

এদিকে সাকার লাশ রাউজানে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে রাউজান উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সাকা চৌধুরীর লাশ রাউজানে ঢুকতে দেওয়া হবে না। লাশ আনার সময় দলীয় নেতা-কর্মীরা রাউজানের প্রবেশমুখ সর্তারঘাটে অবস্থান নেবেন।

পুলিশ বলছে, গ্রামের বাড়িতে লাশ দাফনের ব্যাপারে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘যাঁরা প্রতিহত করবেন বলছেন, সেটা তাঁদের আবেগের বিষয়। এটা তাঁরা করতেই পারেন। তবে আমরা সেটিকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না।’

এর আগে গত শুক্রবার চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার বলেছেন, সাকা চৌধুরীর লাশ গ্রামের বাড়িতে দাফনের ব্যাপারে নিরাপত্তা দেওয়া হবে।