সাকার সঙ্গে আইনজীবীকে সাক্ষাৎ করতে না দেওয়ার অভিযোগ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) সঙ্গে তাঁর আইনজীবীকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তাঁর আইনজীবী এ কে এম ফখরুল ইসলামের অভিযোগ, গতকাল রোববার তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষ তাঁর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেছে। এ কে এম ফখরুল ইসলাম অভিযোগ করেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ অন্য মামলার ব্যাপারে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে জরুরি পরামর্শের জন্য কারা কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হয়। কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার বদিউদ্দোজা তাঁকে বলেন, তাঁর সঙ্গে দেখা করা যাবে না। সাকা চৌধুরীর আত্মীয়স্বজনেরা দেখা করে গেছেন। এ সময় জেলার তাঁর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেন। তিনি বলেন, আইনগতভাবে একজন আইনজীবীকে আসামির সঙ্গে দেখা ও মামলা-সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেওয়ার বিধান রয়েছে। বিষয়টি আদালতকে জানানো হবে। ফখরুল ইসলামের অভিযোগ, গত শনিবারও তাঁর সঙ্গে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ।নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মোস্তাফিজুর রহমান বলেন, এক ব্যক্তি নিজেকে আইনজীবী দাবি করে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার আবেদন জানান। তিনি আসলে তাঁর আইনজীবী কি না, তা জানার জন্য কারাগারের ভেতর একজন কারারক্ষীকে পাঠানো হলে তিনি কোনো উত্তর পাঠাননি। এ সময় ওই আইনজীবী অপেক্ষা না করেই চলে যান। তিনি দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। এদিকে সাকা চৌধুরীর আত্মীয়স্বজন ও আইনজীবী আসার খবর পেয়ে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ বিএনপির নেতা-কর্মীরা কারাগারের সামনে ভিড় জমান।