সাকার সাক্ষী সালমান এফ রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ চারজন সাক্ষীর নামের তালিকা জমা দিয়েছে।
তাঁরা হলেন বেসরকারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইন এবং নিজাম আহমেদ নামের একজন।
সাক্ষীদের নামের এই তালিকা আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জমা দিয়েছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ মামলায় আসামিপক্ষে পাঁচজন সাক্ষী নির্ধারণ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে একজন সাক্ষী সাকা চৌধুরী নিজে। আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাকা চৌধুরী ইতিমধ্যে ছয় দিন জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দি এখনো শেষ হয়নি।