সাকার সাক্ষীর মৃত্যুর বিষয়ে খোঁজ নিচ্ছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহেদুল আলমের (৬০) মৃত্যুর বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত দল খোঁজখবর নিচ্ছে।গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়ক ম সানাউল হক তাঁর মৃত্যুর বিষয়ে পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলেছেন।গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের কুসুমবাগ এলাকায় ওয়াহেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের সানাউল হক বলেন, ‘সৈয়দ ওয়াহেদুল আলম একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারকে সমাবেদনা জানাতে এসেছিলাম। ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি।’ওয়াহেদুলের মারা যাওয়ার কারণ নিয়ে আলোচনা-সমালোচনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি পুলিশ দেখছে। এখনো পোস্টমর্টেম রিপোর্ট আসেনি। রিপোর্ট আসার পর পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।এর আগে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন সানাউল হক। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকি, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এবং পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রমুখ।ওয়াহেদুল আলমের ছোট মেয়ে তানিয়া ওয়াহেদ বলেন, ‘তদন্ত সংস্থার সমন্বয়কের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। মনে সাহস পাচ্ছি। আমরা চাই, আব্বার মৃত্যুর সঠিক রহস্য উন্মোচিত হোক।’