আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীর খালাস আদেশ বাতিল করে কেন তাঁদের সুবিধাজনক সাজা দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আদেশের অনুলিপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে তাঁদের দুজনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণ করলে জামিন দিতে বলা হয়েছে।
বিচারিক আদালতে ওই মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে করা এক আসামির আপিলের গ্রহণযোগ্যতা শুনানিকালে গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ এবং ফারহাত কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি মাহবুবুল আহসানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন উচ্চ আদালত। পাশাপাশি মামলার নথি তলব করে এই আসামির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নথিভুক্ত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে আইনজীবী মো. সাজ্জাদ আলী চৌধুরী।