সাকার স্ত্রী-ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলার রায় ১৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলার রায় ঘোষণার জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই তারিখ ধার্য করেন। আদালত সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামসহ এ মামলার চারজন আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। অপর তিনজন হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী ও সাকা চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান। সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর জামিন বহাল রাখা হয়েছে। আর তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত।
গতকাল হুম্মাম কাদেরের আইনজীবী আমিনুল গনি আদালতকে বলেন, হুম্মাম কাদের চৌধুরী আদালতে আসার পথে তাঁকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে গেছে। তাই তিনি আদালতে হাজির হতে পারেননি। আদালত আইনজীবীকে রায়ের দিন হুম্মাম কাদেরকে হাজির করতে বলেন। তাঁকে অন্য কোনো মামলায় আটক করা হলে তা-ও আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
এ মামলায় সাকা চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজন আসামি। অপর আসামি ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান পলাতক রয়েছেন।