
পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর বলেছেন, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান সরকার ‘অতি আবেগ’ দেখিয়েছে। অন্য দেশের কথা না ভেবে তাদের উচিত নিজ দেশের নাগরিকদের নিয়ে মাথা ঘামানো।
একই সঙ্গে দুজনের ফাঁসি কার্যকর করায় বাংলাদেশের নিন্দাও করেছেন আসমা জাহাঙ্গীর। তিনি বলেছেন, এ ঘটনা বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন আরও বাড়াবে। খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
আসমা জাহাঙ্গীর গত সোমবার ইসলামাবাদে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের দেওয়া বিবৃতির সমালোচনা করেন তিনি।
আসমা জাহাঙ্গীর বলেন, ‘নিজের নাগরিকদের ফাঁসির ঘটনাগুলোর চেয়ে দুই বাংলাদেশির ফাঁসির ঘটনা সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন?’ তাঁর মতে, পাকিস্তানের সামরিক আদালতে ও সৌদি আরবে পাকিস্তানিদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও সে ব্যাপারে সরকার নীরব থাকে। এটা এই বার্তা দেয় যে দেশের মানুষের চেয়ে বাংলাদেশের বিরোধী দলের নেতাদের প্রতি পাকিস্তান সরকারের ভালোবাসা ও আবেগ বেশি। এখানে এ বিষয়টিই কেবল নিশ্চিত হয় যে ওই দুজন (সাকা ও মুজাহিদ) রাজনৈতিক এজেন্ট ছিলেন এবং পাকিস্তানের পক্ষে কাজ করতেন।
যথাযথ আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে বিশ্বের অন্য কোথায় কাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তার চেয়ে পাকিস্তানে যারা মৃত্যুদণ্ডের মুখোমুখি রয়েছে, তাদের প্রতি সরকার এই আবেগ দেখাবে বলে আশা করেন আসমা জাহাঙ্গীর।
দুই পত্রিকার সম্পাদকীয়: সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি নিয়ে গতকাল মঙ্গলবার সম্পাদকীয় ছেপেছে পাকিস্তান টুডে ও দ্য নিউজ পত্রিকা। পাকিস্তান টুডের সম্পাদকীয়তে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারের বিবৃতির সমালোচনা করে লেখা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ফাঁসির ঘটনায় একটি ভারসাম্যপূর্ণ বার্তা দিলেও তিনি ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, যার কোনো দরকারই ছিল না।
অন্যদিকে দ্য নিউজ-এ প্রকাশিত সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে, এ ধরনের প্রতিশোধের রাজনীতি চলতে থাকলে বাংলাদেশের ক্ষতগুলো কেবল আরও গভীরই হবে।