সাকা-মুজাহিদের ফাঁসি সমর্থন করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার শেষে ফাঁসির সিদ্ধান্তকে ভারত সমর্থন করছে। এ বিষয়ে পশ্চিমা দুনিয়ার কোনো কোনো দেশের সমালোচনা প্রকৃত তথ্যভিত্তিক নয় বলেও ভারতের ধারণা। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রে এ কথা জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাজাই যে বাংলাদেশ সরকার বলবৎ করেছে, ভারত তা-ও মনে করে। এ বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারত বিস্মিত নয় বলে সূত্রগুলো জানায়। ভারত মনে করছে, বিচারব্যবস্থায় কোনো ফাঁক ছিল না। বরং ট্রাইব্যুনালের রায় কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহসিকতারই পরিচয় রেখেছেন। ভারত এ-ও মনে করছে, স্বাধীনতাযুদ্ধের সময় অভিযুক্ত ব্যক্তিরা মানবতাবিরোধী যে অপরাধ করেছেন, তাকে নিছক যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করা ঠিক নয়। ওই অপরাধ তার চেয়েও অনেক বেশি।
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানসহ কোনো কোনো পশ্চিমা দেশ বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে। এটা অস্বাভাবিক বলে ভারত মনে করছে না। বরং ভারত মনে করে, ১৯৭১-এর স্বাধীনতাযুদ্ধের সময়ও পশ্চিমা দুনিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানায়নি। তা ছাড়া ওই সময় যাঁরা হিংসার বলি হয়েছিলেন, তাঁদের অধিকাংশই ছিলেন হিন্দু। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে, মুসলিমপ্রধান দেশ হয়েও বাংলাদেশের সরকার ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করছে।
বাংলাদেশের আইন অনুযায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠিত বলে ভারত মনে করে। এ বিচারব্যবস্থা সবার জন্য উন্মুক্ত এবং তাতে সব ধরনের আপিলের বন্দোবস্ত রয়েছে। এমনও নয় যে বিচার হুট করে শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চালু রয়েছে। সূত্রগুলো বলছে, পশ্চিমা দেশ ফাঁসি নিয়ে সরব হতে পারে, তবে বাংলাদেশে ফাঁসি আইনত সিদ্ধ। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ভারত খুব কাছ থেকে দেখেছে। সে দেশে সে সময় যা ঘটেছে, তা গণহত্যা ছাড়া আর কিছু নয়। তাই শেখ হাসিনার এই বিচারকে ভারত সমর্থন করে। ভারত মনে করছে, এই সিদ্ধান্তে সে দেশের জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।
বাংলাদেশে সম্প্রতি যে বিদেশিরা খুন হয়েছেন, তা আইএসের কাজ বলে তাদের দাবি। ভারত অবশ্য মনে করে, সে দেশে আইএসের তেমন কোনো উপস্থিতি নেই। বরং ভারতের ধারণা, জামায়াতই এসব খুনের পেছনে।
দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক এবং বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি বলেন, ‘বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে ভারতের অভিমত সম্পর্কে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশ সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে যে ভূমিকা নিয়েছে তাতে তারা অত্যন্ত পরিপক্বতা ও সাহস দেখিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে এত বছরের গ্লানি এবং অপরাধবোধ দূর করার প্রচেষ্টা নিয়েছে। এ জন্য আমি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই।’
বাংলাদেশে আইএসের উপস্থিতি নিয়ে দেব মুখার্জি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেসব বিদেশি খুন করা হলো এর জন্য কারা দায়ী, এ কাজ কারা করেছে তার জন্য আরও তদন্তের প্রয়োজন। সে জন্য আমি অপেক্ষা করব। আইএসের উপস্থিতি উড়িয়ে দেওয়া উচিত নয়। এ জঘন্য কাজে তাদের হাতও থাকতে পারে। আমি এখনো নিশ্চিত নই। এ জন্যই বলছি, আরও তদন্তের প্রয়োজন।’