সাকিব স্বজনদের কাছে ফিরতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদ চত্বর। গত মঙ্গলবার সন্ধ্যা। ১০ থেকে ১২ বছরের একটি ছেলে গাছতলায় বসে কাঁদছে। বাড়ি ফিরে যেতে চাইছে সে, বাবা-মায়ের কাছে। কিন্তু পথঘাট, আশপাশের লোকজন সবই তার কাছে অচেনা। একপর্যায়ে ধরখার গ্রামের বাসিন্দা কলেজছাত্র আমিনুল ইসলাম নিজ বাড়িতে শিশুটিকে আশ্রয় দেন।
ছেলেটি বলেছে তার নাম মো. সাকিব মিয়া। বাবার নাম মো. জাহিদ মিয়া। মা শাহানাজ বেগম। গ্রাম শুশি বাগানপাড়া, মেহেরপুর। মুজিবনগর এলাকার কাছেই তাদের বাড়ি। তবে আখাউড়ায় কোনো গ্রামে তার দাদার বাড়ি। কয়েক দিন আগে বাবার সঙ্গেই সে এসেছে। এরপর বাবাকে হারিয়ে ফেলেছে। পথ ভুলে গেছে। স্বজনদের কাছে ফিরতে সবার সহযোগিতা চায়।
কলেজছাত্র আমিনুল বলেন, সাকিবের কথা শুনে মনে হচ্ছে, আশপাশের কোনো গ্রামেই হয়তো ওর বাবার পৈতৃক বাড়ি। শিগগিরই হয়তো ওর স্বজনদের খুঁজে পাওয়া যাবে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ঘটনা জানিয়ে শিশুটির তথ্য ও ছবি দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আহসান হাবীব বলেন, মেহেরপুরের ইউএনওর সঙ্গে কথা বলে শিশুটির পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই পর্যন্ত শিশুটিকে ওই বাড়িতে রাখতে বলা হয়েছে।