একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ায় ইনানীর একটি হোটেলে যান ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁকে নামিয়ে দিয়ে আকাশে ওড়ে হেলিকপ্টারটি। এর ১৫ মিনিটের মধ্যে ইনানী সৈকত এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারটির পাইলটসহ চারজন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, হেলিকপ্টারের পাখা ঝাউগাছের সঙ্গে লেগে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহ আলম (৩০)। তিনি বিজ্ঞাপনী সংস্থা ঈগল বি-এর কর্মকর্তা। এই সংস্থার বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতেই সাকিব ইনানী যান।
হেলিকপ্টারটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, তা কক্সবাজার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। উখিয়া উপজেলার ইনানী সৈকত-সংলগ্ন রেজুখালের পাশে সোনারপাড়া এলাকায় সাগরে (তীরঘেঁষা পানিতে) বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। এর পাশেই ঝাউবাগান। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটক সেখানে জড়ো হন। পরে বিধ্বস্ত হেলিকপ্টারটি ঘিরে রাখেন পুলিশ-বিজিবির সদস্যরা।
বিধ্বস্ত হেলিকপ্টারটি বেসরকারি বিমান সংস্থা মেঘনা এভিয়েশনের বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, উখিয়ার ‘রয়েল টিউলিপ সি পার্ল’ হোটেলের কাছে (মেরিন ড্রাইভ সড়কে) এই হেলিকপ্টার থেকে নামেন সাকিব আল হাসান। তাঁকে নামিয়ে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ১৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় এটি।
সাকিবের সঙ্গে কক্সবাজারে শুটিং করতে যাওয়া নাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা নিরাপদেই ল্যান্ড করেছি। আমাদের নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আরও কয়েকজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফিরে যাচ্ছিল। হেলিকপ্টারের পাখা তখনো বন্ধই হয়নি। শুধু আমাদের নামিয়েছে আর ওদের তুলে নিয়েছে। এরপর কিছুদূর গিয়ে ইনানী সৈকতেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সোনারপাড়ার জেলে আবদুল জলিল সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি অনেক নিচ দিয়ে উড়ছিল। এর জানালা দিয়ে একজনকে ভিডিও করতে দেখেছেন তিনি। এ সময় হেলিকপ্টারের পাখা ঝাউগাছের সঙ্গে লেগে যায়। মুহূর্তে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আরেক প্রত্যক্ষদর্শী বিদ্যালয়পড়ুয়া মোহাম্মদ হোছাইন প্রথম আলোকে জানায়, সকাল সাড়ে নয়টার দিকে হেলিকপ্টারটি ঝাউবাগানের ওপর চক্কর দিতে থাকে। এরপর ঝাউবাগানের সামনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রথমে স্থানীয় জেলেরা হেলিকপ্টারের দিকে ছুটে যান এবং পাঁচজনকে হেলিকপ্টারের ভেতর থেকে বের করে তাঁরা তীরে তোলেন। তাঁদের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করা একজনকে কিছু লোক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শন করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, নিহত শাহ আলম চলন্ত হেলিকপ্টারের দরজা খুলে সমুদ্রের দৃশ্য ধারণ করছিলেন। তিনি পাইলটের পাশে বসা ছিলেন। হঠাৎ হেলিকপ্টারটি কাত হয়ে সাগরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে কো-পাইলট ছিল না।
সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহতাবস্থায় ইনানী থেকে হেলিকপ্টারের যাত্রী শাহ আলমকে আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই শাহ আলম মারা যান। তাঁর কপালের দুই পাশে মারাত্মক জখম ছিল। যে কারণে দুই কান দিয়ে রক্ত ঝরেছে।
হাসপাতালে শাহ আলমের পরিচয় শনাক্ত করেন বিজ্ঞাপনী সংস্থা ‘ঈগল বি’-এর আরেক কর্মকর্তা ফজলে রাব্বি।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানতে গতকাল বিকেলে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত।
এদিকে গতকাল দুপুরে সাকিব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুটিংয়ে থাকার কারণেই দুর্ঘটনার খবর তাঁকে প্রথমে জানানো হয়নি। পরে তিনি শুনেছেন। তাঁকে নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন শুভাকাঙ্ক্ষীদের। শনিবার (আজ) বিমানে করে ঢাকায় ফিরবেন বলেও জানান তিনি।