সাকিবের জন্য বাবার উদ্যোগে দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার সাকিব আল হাসান অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়ায় শুকরিয়া আদায় করে মাগুরায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাঁর বাবা। এ ছাড়া মাগুরায় সাকিবদের বাড়ি এবং তাঁর নানাবাড়িতে দরিদ্রদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের শুটিংয়ের কাজে শুক্রবার সকালে সাকিব আল হাসানকে কক্সবাজার নিয়ে যাওয়া হেলিকপ্টারটি তাঁকে নামিয়ে ফেরার পথে ১৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিজ্ঞাপনী সংস্থাটির কর্মী শাহ আলম নিহত ও হেলিকপ্টারটির পাইলটসহ চারজন আহত হন।
ছেলের নিরাপদে থাকার খবর জানার পর শুকরিয়া আদায় করে সাকিবের বাবা মাশরুর রেজা ওই দিন জুমার নামাজের পরই মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে গতকাল শনিবার দুপুরে সাকিবদের মাগুরা শহরের পশ্চিমপাড়ার বাড়িতে এবং সদর উপজেলার বারাশিয়ায় নানাবাড়িতে ফকির-মিসকিনদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
সাকিবের বাবা মাশরুর রেজা গতকাল প্রথম আলোকে বলেন, ‘খবর পাওয়ার পর জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করি। ঘটনার পর সাকিবের জানের ছদকা হিসেবে একটি গরু মানত করেছিলাম। আজ সকালে বাড়িতে গরু জবাই করেছি।’