সাকিম হত্যার ১৮ মাস পরও লাশ মেলেনি, বাদীকে হুমকি
বগুড়ার দুপচাঁচিয়ায় সাকিম হোসেন হত্যার ১৮ মাস পরও তাঁর লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হওয়া মামলার আসামিরা এখন বাদী সাকিমের বাবাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। একই সঙ্গে পুলিশ তাঁকে এ ঘটনায় আপস করার জন্য বেশ কয়েকবার চাপ দিয়েছে।সাকিম হোসেনের বাবা উপজেলার বেলহট্টি গ্রামের দিনমজুর তছলিম উদ্দিন গত ৩১ জানুয়ারি দুপচাঁচিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ ও দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, সাকিম হোসেনের (২০) সঙ্গে স্থানীয় শহিদুল ইসলামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে মেয়ের পরিবারের লোকজন ২০১০ সালের ৫ জুন সাকিমকে মারধর করে একটি ঘরে আটকে রাখে। পরে সাকিমের বাবা তাঁকে সেখান থেকে ছাড়িয়ে আনেন। এর ১০ দিনের মাথায় বেলহট্টি হাট থেকে বাড়ি ফেরার পথে মেয়ের পক্ষের লোকজন আটক করে মারধর করার একপর্যায়ে সাকিম মারা যান।এ ঘটনায় তাঁর বাবা ২৪ জুন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে। পরে তিনি ওই বছরের ২৬ জুলাই বগুড়ার বিচারিক হাকিমের আদালতে আটজনকে আসামি করে অপহরণের পর হত্যার অভিযোগে আবেদন করেন।আদালতের নির্দেশে দুপচাঁচিয়া থানার পুলিশ ২০১০ সালের ১৪ আগস্ট এটি নিয়মিত মামলা হিসেবে তালিকাভুক্ত করে। নয় মাস পর পুলিশ তিনজন আসামিকে গ্রেপ্তার করে। এঁরা হলেন কনক রায় (৩২), বকুল প্রাং (২২) ও আবু বক্কর মিয়া (৩০)। এঁদের মধ্যে কনক রায় জামিনে মুক্তি পেয়েছেন। অপর দুই আসামি বকুল ও আবু বক্কর মিয়া গত বছরের ২৭ এপ্রিল বিচারিক হাকিম মো. সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ আসামিদের নিয়ে হত্যার স্থানে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক দুলাল হোসেন বাদীকে আপস করার জন্য চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বাদী আসামিদের ধরার বিষয়ে কোনো সহযোগিতা করেননি।থানার ওসি নূর ইসলাম বলেন, ‘আমরা আসামি ধরে লাশ উদ্ধারের জন্য দুবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। লাশটি হত্যাকারীরা গুম করে ফেলেছে।’বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আশরাফুল ইসলাম প্রশিক্ষণে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।