সাকুরা বারে হত্যায় দুজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের সাকুরা বারে ফুল ব্যবসায়ী ও যুবদল নেতা জনি আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা বারের দুই কর্মচারী গত শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ওই হত্যা মামলায় গ্রেপ্তার করা ১৯ জনকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট শাহবাগ থানার পুলিশ জানায়, জনি হত্যার ঘটনায় সাকুরা বারের ক্যাশিয়ার শাহাদত হোসেন ও কর্মচারী মিজানুর রহমানসহ ৪৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় ২১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়। বাকি ২২ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। দুই দিনের রিমান্ড শেষে গত শুক্রবার শাহাদত ও মিজানুরকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। তিন দিনের রিমান্ড শেষে বাকি ১৯ জনকে গতকাল আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত তদারক কর্মকর্তা শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান প্রথম আলোকে বলেন, শাহাদত ও মিজানুর পেটানোর কথা স্বীকার করে আদালতকে বলেন, ২৩ এপ্রিল রাতে জনিসহ তিনজন সাকুরা বারের দোতলায় ঢুকে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা ক্যাশ থেকে টাকা লুট করার চেষ্টা করেন। এ সময় কর্মচারীরা তাঁকে পেটাতে পেটাতে বার থেকে নিচে নামিয়ে দেন। জনির দুই বন্ধু এ সময় পালিয়ে যান।

ওসি আবুল হাসান বলেন, ২৩ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ সাকুরা বারের পেছনের গলি থেকে অচেতন অবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, জনি ও তাঁর দুই বন্ধু সাকুরা বারের দোতলায় ওঠার সময় সেখানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ভেঙে ফেলেন। বারের ভেতরে সিসি ক্যামেরা না থাকায় সেখানের চিত্র পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, সাকুরা বারের কয়েকজন কর্মচারী জনিকে পিটিয়ে মেরেছেন।

মামলার তদন্ত নিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার শাহাদত ও মিজানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও বাকি ১৯ জন হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া ২২ জনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

জনির স্ত্রী মর্জিনা বেগমের শাহবাগ থানায় করা মামলায় বলা হয়, সাকুরা বারের ভেতরে থাকা অবস্থায় বারের ২০-২২ জন কর্মকর্তা-কর্মচারী জনিকে বারের দোতলা থেকে পেটাতে পেটাতে নবাব হাবিবুল্লাহ রোডের একটি রেস্তোরাঁর সামনে ফেলে রাখে।