আনসারুল্লাহ বাংলা টিমের সাকেরের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতার অভিযোগে করা দুই মামলায় ফিদা মুনতাসির সাকেরের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানা ও ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা দুই মামলায় মুনতাসির সাকেরকে চলতি বছরের ৬ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। পরে মো. মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ তিন মাসের জন্য স্থগিত হওয়ায় সাকের মুক্তি পাবেন না।
আদালত সূত্র জানায়, গত বছরের জুনে রাজধানী থেকে সাকেরসহ সন্দেহভাজন ১০ জঙ্গিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই বছরের ১৮ জুন ও ১২ জুলাই উত্তরা পশ্চিম ও ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাকেরকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার নথিতে দেখা যায়, ফিদা মুনতাসির সাকের ‘নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক’।
ওই দুই মামলায় সাকের হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
গত বছরের ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি বলেছিল, ৭ জুন রাতে বনানী ডিওএইচএসের নিজ বাড়ি থেকে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ফিদা মুনতাসির সাকেরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার। এর আগে ৩০ মে আইএসের সদস্য সন্দেহে বারিধারা ডিওএইচএস থেকে সাবেক সেনা কর্মকর্তার ছেলে আবদুল্লাহ আল গালিবকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। গালিব ‘জুনুদ আত-তাওহিদ ওয়াল খিলাফা’ নামের একটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছেন বলে তখন ডিবি জানিয়েছিল। ফিদা গালিবের সহযোগী।
ফিদা মুনতাসির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডিবির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেছিলেন, জঙ্গি কার্যক্রমে অন্যদের উদ্বুদ্ধ করা ও আইএসের সঙ্গে যোগ দিতে তুরস্ক হয়ে ইরাক যাওয়ার বিষয়ে ফিদা অন্যদের সাহায্য করেছেন বলে তথ্য রয়েছে।