সাক্ষর হবে আরও ৪৫ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষর মানুষকে সাক্ষর করতে প্রকল্প নিয়েছে সরকার। ৬৪ জেলার ২৫০ উপজেলা এ প্রকল্পের আওতায় আসবে। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একনেক এর অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রিরা, পরিকল্পনা কমিশনের সদস্যরা, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’ নামের এ প্রকল্পের আওতায় নিরক্ষর জনগোষ্ঠী মৌলিক সাক্ষরতা ও জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা পাওয়ার সুযোগ পাবে। সরকারের ঘোষণা অনুযায়ী ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার অঙ্গীকারের প্রেক্ষাপটে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে বলে পরিকল্পনা কমিশন জানিয়েছে।
উপানুষ্ঠানিক শিক্ষা (এনএফই) ম্যাপিং রিপোর্ট-২০০৯ অনুসারে দেশে ১১-৪৫ বছর বয়সী নিরক্ষরের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। এই নিরক্ষর জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার সুযোগ নেই। উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এদেরকে শিক্ষার দ্বিতীয় সুযোগ দেওয়া সম্ভব। এ লক্ষ্যেই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৩ থেকে জুন ২০১৮ পর্যন্ত।
এ ছাড়াও একনেক সভায় জয়দেবপুর সিজিএস (সিটি গেইট স্টেশন)-এ ৩০০ মিলিয়ন সিএফডি গ্যাস প্রবাহবৃদ্ধির মাধ্যমে জয়দেবপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর, চন্দ্রা-কালিয়াকৈর-ঢাকা ইপিজেড-টংগী এলাকাগুলোতে গ্যাসের ঘাটতিপূরণ ও গ্যাসবিতরণ ব্যবস্থার উন্নয়নের জন্য ১৯৮ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। জুলাই ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৫ মেয়াদে তিতাস গ্যাস প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সভায় অনুমোদিত ছয়টি প্রকল্পে মোট ৯৬১ কোটি টাকা ব্যয় হবে। এরমধ্যে ৭৬৩ কোটি টাকা সরকারের তহবিল থেকে এবং ১৯৮ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।