কুমিল্লার চান্দিনা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। গত শুক্রবার দিনভর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দলীয় কার্যালয়ে ওই সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ আলী আশরাফ। তবে মেয়র প্রার্থী দলের অপর তিন নেতা নির্বাচন করবেন বলে জানিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, শুরুতে মেয়র পদে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তপন চন্দ্র বকসীকে দলীয় সমর্থন দেওয়া হয়। কিন্তু তিনিসহ দলের ছয় নেতা মনোনয়নপত্র জমা দেন। অন্য পাঁচ নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের ভূঁইয়া, বর্তমান ওয়ার্ড কমিশনার ও পৌর আওয়ামী লীগের সদস্য মো. আবদুল জলিল, চান্দিনা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোখলেছুর রহমান এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। ২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্য পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ‘অভিমান’ করে তিনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ অবস্থায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী নিয়ে বিপাকে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সমঝোতার জন্য ছয়বার বৈঠক হলেও কেউ কাউকে ছাড় দিতে রাজি হননি। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুরোধও উপেক্ষা করেন প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী।এ প্রসঙ্গে তপন চন্দ্র বকসী বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিই। এর বেশি কিছু বলতে চাই না।’এ বিষয়ে মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল ভুল সিদ্ধান্ত নেওয়ায় আমরা মেয়র পদ থেকে সরে যাইনি। আমি দেয়ালঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করছি। জয়ের ব্যাপারে আশাবাদী। জনগণ আমাকে ভোট দেবে। দল যদি বাদ দেয় তাহলে কিছু বলার নেই।’ অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের ভূঁইয়া বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় নির্বাচন নয়। আমি আলাদাভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এর আগে দুবার নির্বাচন করে মাঠ গুছিয়েছি। দল যদি বহিষ্কার করে তবে দলের বহিষ্কারের সিদ্ধান্ত মাথা পেতে নেব।’শওকত হোসেন বলেন, ‘আমি নির্বাচনে আছি, নির্বাচনে থাকব। জনগণ আমাকে ভোট দেবে। এখনো গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’ দলের সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন। প্রতীক বরাদ্দের পর দলের এই সিদ্ধান্ত মানা সম্ভব হচ্ছে না। অপর প্রার্থী মোখলেসুর রহমান বলেন, সাংসদ তাঁকে নির্বাচন করতে না করেছেন। দু-এক দিনের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের সাংসদ আলী আশরাফ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রথমে তপনকে প্রার্থী ঘোষণা দেন। তিনি অসুস্থ থাকায় এবার মফিজকে সমর্থন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত যাঁরা মানবেন না তাঁদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করবেন না বলে আশা রাখি।’