সাক্ষরতা কার্যক্রমের আওতায় আসবে ৩৬ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুর উপজেলায় ৩৬ হাজার নিরক্ষর নারী-পুরুষকে সাক্ষরতা কার্যক্রমের আওতায় আনা হবে। তাঁদের সাক্ষরজ্ঞান শেখানো হবে। দেশব্যাপী মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মৌলিক সাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লক্ষ্মীপুরের আয়োজনে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জেমস ও গ্রাউসের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব মোহাম্মদ আলী, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক বিদ্যুত রায় বর্মণ, জেমসের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, গ্রাউসের নির্বাহী পরিচালক রাশেদ আলম ভূঁইয়া।

অবহিতকরণ সভায় জানানো হয়, কমলনগর ও রায়পুর উপজেলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারী-পুরুষ এ কর্মসূচিতে সাক্ষরজ্ঞান শিখতে পারবে। এ দুই উপজেলায় মোট ৬ শ কেন্দ্র থাকবে। প্রতিটি কেন্দ্রে দুই পালায় ৩০ জন নারী ও ৩০ জন পুরুষকে শিক্ষা দেওয়া হবে। এতে ‘আমাদের চেতনা’ প্রথম ও দ্বিতীয় খন্ড নামের দুটি পাঠ্য বই থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশের ৬৪টি জেলার ২৫০টি উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়ন কাল ২০১৪ সালের জুন থেকে ২০১৮ পর্যন্ত। লক্ষ্মীপুরের কমলনগরে এটি বাস্তবায়ন করবে এনজিও জেমস ও রায়পুরে করবে গ্রাউস।