সাক্ষরতার হার নিয়ে দুই ধরনের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮ শতাংশ হলেও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন দাবি করেছেন সাক্ষরতার হার ৭১ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই দাবি করেন। ৮ সেপ্টেম্বর দিবসটি উদ্যাপিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিবিএসের হিসাবে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮ শতাংশ হলেও বিভিন্ন উদ্যোগের ফলে এই হার বেড়েছে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিগত মেয়াদে দেশে সাক্ষরতার হার ছিল ৬২ শতাংশ। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বন্ধ করে দিলে সাক্ষরতার হার ৫২ শতাংশে নেমে আসে।

বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে ঝরে পড়ার হার ২৯ শতাংশে নেমে এসেছে বলেও জানান মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফছারুল আমীন বলেন, ‘যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো অনুমোদন পেলে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশের কাছাকাছি পৌঁছে যেতে পারব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ সেপ্টেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের উদ্বোধন করবেন মন্ত্রী আফছারুল আমীন। একই দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা বের করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব কাজী আখতার হোসেন প্রমুখ।