বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আদালত ১০ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন। সাক্ষীরা হাজির না হওয়ায় গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এই তারিখ নির্ধারণ করেন।গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় আদালত এই নতুন তারিখ ধার্য করেন। আদালত গত ২৫ জানুয়ারি এই মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।সাব্বির হত্যা মামলার আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক। তবে হাজির ছিলেন শামসুদ্দিন ও উজ্জ্বল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে ১০ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত পলাতক তিন আসামির অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করার আদেশ দেন।২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। পরের দিন সকালে গুলশানের একটি বাসার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দিন আহমেদ গুলশান থানার পুলিশকে ফোনে জানান, ওপর থেকে নিচে পড়ে সাব্বির মারা গেছেন। কিন্তু লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করা হয়। সিআইডি ২০০৮ সালের ৮ মে এই মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।