ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার ধার্য দিনে গতকাল বুধবার একজন সাক্ষীও আদালতে হাজির হননি।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, গতকাল তিনজন সাক্ষীর উপস্থিত থাকার কথা থাকলেও তাঁদের কেউ আসেননি। পরে আদালত আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। তিনি জানান, একরাম
হত্যা মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৮ জন সাক্ষ্য দিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে গতকাল ১০ জন আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত পরবর্তী ধার্য তারিখে জামিনের শুনানির দিন ধার্য করেন।
পিপি হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন জামিনে আছেন। গতকাল ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ছয়জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।